সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নেপালে বন্যার পর ব্যাংকের ভল্টে ৫১ কোটি রুপি ও স্বর্ণ উদ্ধার

নেপালের বন্যাকবলিত ত্রিশূলি এলাকার একটি ব্যাংক থেকে প্রায় ৫১ কোটি নেপালি রুপি মূল্যের নগদ অর্থ, স্বর্ণ ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাংকটির শাখা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভল্টে থাকা সম্পদ উদ্ধারে অভিযান চালানো হয়।নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ত্রিশূলি ধুঙ্গে এলাকায় কৃষি উন্নয়ন ব্যাংকের শাখাটিতে বন্যার পানি ঢুকে পড়ে। পরে প্রায় আট ঘণ্টার অভিযানে পুলিশ ভল্ট থেকে প্রায় দেড় কোটি নেপালি রুপি নগদ অর্থ এবং আনুমানিক ৫০ কোটি রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার করে।এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথিপত্রও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করা অর্থ, স্বর্ণ ও নথি পরে উচ্চ নিরাপত্তাবেষ্টিত স্থানে নিয়ে যাওয়া হয়।নেপাল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। বন্যার পানিতে নগদ অর্থ ও স্বর্ণ ভিজে যাওয়ার বিষয়টি তুলে ধরে অনেকে পুলিশের এই উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন।এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। বন্যার পানিতে ভেসে যাওয়া অনেক মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় চিতওয়ান জেলায় অজ্ঞাতপরিচয় নিহতদের গণকবর দেওয়া শুরু হয়েছে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চিতওয়ানের দেবঘাট বন এলাকায় শত শত কবর খোঁড়া হয়েছে। রসুয়া জেলার বন্যাবিধ্বস্ত উপত্যকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই এলাকায় পচন ধরে যাওয়া ও শনাক্ত করা সম্ভব না হওয়া মরদেহগুলো দাফন করা হচ্ছে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা গণেশ আরিয়াল জানান, মরদেহগুলো দ্রুত পচে যাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েই দ্রুত দাফনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালে বন্যার পর ব্যাংকের ভল্টে ৫১ কোটি রুপি ও স্বর্ণ উদ্ধার