ঈদেও খোলা কিছু ব্যাংক, রাত ১০টা পর্যন্ত চলবে লেনদেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও সীমিত পরিসরে দেশের কিছু ব্যাংক শাখা খোলা রাখা হয়েছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং কোরবানির পশুর হাটে লেনদেন সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক-এর জারি করা সার্কুলার অনুযায়ী, বিশেষ ব্যবস্থায় পরিচালিত শাখাগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে বিশেষ কিছু শাখা খোলা রাখা হয়েছে।ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করছে।এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির সময়ও ঈদের দিন ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং সেবা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংক শাখা ও অস্থায়ী বুথগুলোতে বিশেষ ব্যাংকিং সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থার আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন কিছু শাখা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।