ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলনে সংঘর্ষ, আহত ৬
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে রাজধানীর দিলকুশায় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।সোমবার সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তারা যৌথভাবে অবস্থান কর্মসূচি শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা হয়। এতে মিনহাজুল, কাশেম, আজগর, শহিদুল, মুনতাসির বিল্লাহ ও শাহিন ইসলাম আহত হন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে ছাড় পান।ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।আন্দোলনকারীরা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।পরে সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে সাবেক কর্মকর্তারা বকেয়া পাওনা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন।