কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর
সাতক্ষীরার কালিগঞ্জে বোরো ধান চাষিদের সরকারি তালিকা বিকৃত করে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তুত করা বোরো চাষিদের মূল তালিকার শিরোনাম পরিবর্তন করে একটি বিভ্রান্তিকর তালিকা প্রচার করা হয়।অভিযোগে বলা হয়েছে, মূল তালিকাকে ‘সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন’—এমন শিরোনাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় সমাজসেবক হাফেজ খায়রুল বাশার মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী শেখ আব্দুর রব এবং শেখ ওয়াহিদুজ্জামানকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।লিখিত অভিযোগের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল চাষি তালিকা, কথিত বিকৃত তালিকার অনুলিপি এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।অভিযোগ পাওয়ার পর ইউএনও মিলন সাহা বিষয়টি বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।