সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি, কর্মকর্তারা পাবেন ৬ গুণ বোনাস

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একই সভায় কর্মকর্তাদের ছয় গুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের আয় থেকে অর্জিত মুনাফা সরকারকে দেওয়া হয়। এরই মধ্যে সরকারকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।রোববার গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস পাবেন। আগের অর্থবছরেও একই হারে বোনাস দেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনীতিতে ধীরগতি থাকলেও গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম সক্রিয় ছিল। রাজস্ব আদায় কম হওয়ায় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক বেশি ঋণ নিয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে।এর ফলে ঋণ থেকে বাংলাদেশ ব্যাংকের সুদ আয় বেড়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশে বিনিয়োগ করা থাকায় সেখান থেকেও আয় হয়েছে। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ব্যাংকারদের মতে, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা তুলনামূলক কম হতে পারে। বিপরীতে অর্থনীতিতে মন্দাভাব বা ধীরগতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়তে পারে। বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও এমন প্রবণতা দেখা যায়।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে মুনাফা আরও বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি, কর্মকর্তারা পাবেন ৬ গুণ বোনাস