বেড়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বৃক্ষ বিতরণ
পাবনার বেড়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর দিকনির্দেশনা এবং বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।বেড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসাইনের সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেণ মায়িশা খান। তিনি নবীন শিক্ষার্থীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়ার পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী।কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসাইন বলেন, সবুজ বাংলাদেশ গড়া ও পরিবেশ রক্ষায় ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এটি তাদের ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।