সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদ, সবুজ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উন্নয়ন কার্যক্রমের নামে গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গাছ সংরক্ষণ করে বিকল্প পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষনিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ, জীববৈচিত্র্য ও সবুজ সৌন্দর্য রক্ষায় গাছ অক্ষত রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।শিক্ষার্থীরা জানান, এসব গাছের সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমে বেড়ে ওঠা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিবেশ রক্ষা করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদাহরণ রয়েছে। তাই গাছ না কেটে বিকল্প উপায়ে রাস্তা নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, গাছ সংরক্ষণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে তাদের সংগঠন শিক্ষার্থীদের পাশে থাকবে। বিকল্প পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তিনি।কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’ এবং ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করেন শিক্ষার্থীরা। তারা দাবি জানান, ক্যাম্পাসের সবুজ পরিবেশ রক্ষায় প্রশাসন যেন শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদ, সবুজ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা