স্বামীর পেট্রোল আগুনে গৃহবধূ বীথি হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় স্বামীর দেওয়া পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার শিকার গৃহবধূ বীথি আক্তারের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) বিকাল ৫টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বীথির পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।মানববন্ধনে বক্তারা ঘাতক স্বামী সাজু খানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, আসামি পলাতক থাকলেও তাকে ধরতে প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সৈয়দপুর অচল করে দেওয়া হবে।নিহত বীথি আক্তার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বাবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী সাজু খান একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাসিন্দা।পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৯ মে রাতে স্বামী সাজু খান বীথির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরে তাকে ঘরে আটকে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে তিনি মারা যান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।