চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে মধ্য চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি আতশবাজি উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত।বিস্ফোরণটি ঘটে ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের কারখানায়। ঘটনার পর পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং একাধিক ভবন ধসে পড়ে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের ভয়াবহতা দেখা গেলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চীন বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি রপ্তানিকারক দেশ, যা বৈশ্বিক বাজারের বড় অংশ জুড়ে রয়েছে।