হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা, নাকের হাড় বাঁকা হওয়ার আশঙ্কা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।গত বৃহস্পতিবার (২১ মে) শহীদ আবরার ফাহাদ হল ও শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর ও কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান। একপর্যায়ে তিনি নিজের পরিচয় দিলেও উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ তার ওপর হামলা চালায়। এতে তিনি নাক ও চোখে গুরুতর আঘাত পান।পরে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আঘাতের কারণে নাকের ভেতরের হাড় বাঁকা হয়ে গেছে, যা সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হতে পারে।সহকারী প্রক্টর মবিনুল ইসলাম বলেন, পরিচয় দেওয়ার পরও তার ওপর হামলা চালানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চোখেও আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ কিছু জটিলতা রয়েছে।