পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম।বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশের পতিত ও অনাবাদি জমি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি জানান, সাধারণ মানুষ সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার প্রণোদনা হিসেবে এক শতাংশ সুদে ঋণ দেবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে সরকার কিনে নেবে।এই উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার আহ্বান জানান মন্ত্রী।অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নিজস্ব উদ্যোগে স্থাপিত সোলার প্লান্ট খুলনাসহ দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সোলার প্লান্ট উদ্বোধন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।