মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিবৃতি বদলাল সরকার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া আগের কঠোর ভাষার বিবৃতি সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন বিজ্ঞপ্তিতে অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে প্রথমে কঠোর আইনি ব্যবস্থার কথা বলা হলেও পরে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধানের উদ্যোগ নিয়েছে।এদিকে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করে আসছেন। অনেক গ্রাহকের দাবি, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করেও বিদ্যুৎ ব্যবহারের ইউনিট অস্বাভাবিক বেড়েছে। কেউ কেউ অনুমাননির্ভর বিল তৈরির অভিযোগও করেছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিগুলোকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিবৃতি বদলাল সরকার