মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরাবুল হক চৌধুরী।বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ দ্রুত সচল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বস্তরে তুলে ধরার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে সমাজে যথাযথ সম্মান পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।