চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার।বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো: মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আনিসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: ইয়াছিন আলী এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মতিন।অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং সেমিনারের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে। একই সঙ্গে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।