বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে সরকারি নিবন্ধন পেল হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

হবিগঞ্জে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। জেলার অন্যতম জনপ্রিয় বিজ্ঞান সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ’ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে প্রথম শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। ক্লাবটির সরকারি নিবন্ধন নম্বর ক-৪৯২৫/২০২৬।জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করা, বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা এবং নতুন উদ্ভাবকদের উৎসাহিত করতে কাজ করে আসছে ক্লাবটি। ধারাবাহিক কার্যক্রম ও বিজ্ঞান প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই জাতীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে।এই অর্জনে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হবিগঞ্জে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে সরকারি এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল করবে।ক্লাবের সংগঠকরা জানান, “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই হবিগঞ্জের প্রতিটি ঘরে বিজ্ঞানের আলো পৌঁছে যাক এবং এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খুদে বিজ্ঞানী তৈরি হোক।”তারা আরও জানান, ভবিষ্যতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কর্মশালা, সেমিনার এবং হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। সরকারি নিবন্ধনের ফলে ক্লাবটি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

হবিগঞ্জে সরকারি নিবন্ধন পেল হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব