বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা ও ছেলে আদালতের নির্দেশে জেলহাজতে

শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী দিপু মিয়া।আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুরুজ মাদবর ও স্বাধীন মাদবর। শুনানি শেষে বিচারক আয়েশা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার নথি অনুযায়ী, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা ছোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২ ডিসেম্বর রাতে কাজীরহাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।অভিযোগে বলা হয়, হামলাকারীরা দোকান ভাঙচুর, মালামাল ও নগদ অর্থ লুটপাটের পাশাপাশি প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেয়। এ ঘটনায় গত বছরের ১২ ডিসেম্বর শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।পরবর্তীতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত সুরুজ মাদবর ও স্বাধীন মাদবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে দীর্ঘদিন পরোয়ানা কার্যকর না হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।আদালত সূত্র জানায়, গত এপ্রিল মাসে আসামিরা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন।মামলার বাদী ছোবহান মাদবর বলেন, চাঁদা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রতিষ্ঠানটি দখল করা হয়েছে। তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।বাদীপক্ষের আইনজীবী দিপু মিয়া বলেন, বেআইনিভাবে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা ও ছেলে আদালতের নির্দেশে জেলহাজতে