রামপালে মাছঘেরকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪
বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজার এলাকায় মৎস্যঘেরকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) রাত ৯টার দিকে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি মৎস্যঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে আটক করে বিএনপির স্থানীয় অফিসে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের আগমনের আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বহিরাগতদের উপস্থিতিকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।এক পক্ষের দাবি, সংঘর্ষে তাদের কয়েকজন আহত হন, যাদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পক্ষের অভিযোগ, তাদের লোকজনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।এদিকে ভাগা বাজার এলাকায় বিএনপির অফিস, কাঁকড়া ডিপো, বিকাশের দোকান, চায়ের দোকান ও একটি ভেটেরিনারি ফার্মেসিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অপর পক্ষ।স্থানীয় বিএনপি নেতারা বিষয়টিকে মৎস্যঘের সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ বলে দাবি করেছেন এবং একে রাজনৈতিক ঘটনা নয় বলে উল্লেখ করেছেন।রামপাল থানার ওসি সুব্রত বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতে দীর্ঘ সময় অবস্থান করে। ভাঙচুর বা বড় ধরনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে।
শেষ খবর অনুযায়ী, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।