মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

কালাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত, দোয়া-মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও দেশ গঠনে দলটির ভূমিকা সম্পর্কে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পরে কালাই পৌরসভার পাঁচশিরা থেকে মোলামগাড়ী সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী