পাবনায় বিএনপি-জামায়াত মুখোমুখি, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল
পাবনার সাঁথিয়া উপজেলায় জুমার নামাজে ইমামতি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো গেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সাঁথিয়া পৌর এলাকার তিন রাস্তার মোড়ে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর জামে মসজিদে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমার নামাজে ইমামতি করতে চাইলে বিএনপি সমর্থকেরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এরপর থেকে বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মসূচি চলছিল। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা অভিযোগ করেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হচ্ছে।এর প্রতিবাদে বিকেলে সাঁথিয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। পরে সন্ধ্যায় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।রাতে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিলে তিন রাস্তার মোড়ে অবস্থান নেয় জামায়াতের কিছু নেতাকর্মী ও সমর্থক। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে। পরে বিএনপি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে ফিরে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক অভিযোগ করেন, তাদের কর্মসূচিতে বাধা দিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিলেন।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান। তিনি বলেন, হামলার কোনো পরিকল্পনা ছিল না; স্থানীয় কিছু কর্মী-সমর্থক প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুই পক্ষের অবস্থানের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।