কালীগঞ্জে বাইক রাইডার্স গ্রুপের উদ্বোধন, জমকালো টি-শার্ট লঞ্চ
গাজীপুরের কালীগঞ্জে বাইক প্রেমীদের একত্রিত করা, নিরাপদ রাইডিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কালীগঞ্জ বাইক রাইডার্স এর শুভ উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে তরুণদের মধ্যে নিরাপদ মোটরসাইকেল চালনা, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি শৃঙ্খলাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বাইকিং কমিউনিটি গড়ে তোলার বার্তা দেওয়া হয়।আয়োজকরা জানান, বর্তমানে বাইকিং তরুণদের মধ্যে একটি জনপ্রিয় জীবনধারায় পরিণত হয়েছে। শখ, কাজ কিংবা প্রয়োজন সব ক্ষেত্রেই বাইক এখন গুরুত্বপূর্ণ বাহন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাইকিং গ্রুপগুলো দেশের বিভিন্ন প্রান্তের রাইডারদের একত্রিত করে একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করছে এবং নিয়মিত ট্যুরের আয়োজন করছে।তারা আরও জানান, গ্রুপ রাইডিং যতটা আনন্দের, ততটাই দায়িত্বশীলতার বিষয়। নতুন রাইডারদের জন্য সঠিক নিয়ম-কানুন জানা জরুরি, কারণ সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।পরবর্তীতে মোহাম্মদ হাসান আমিন নয়ন, মো. নুরুল আমিন বাবু, মোহাম্মদ জাকারিয়া, মো. আবুল কালাম ও মো. শাহেদুর রহমান ফাহিমকে এডমিন এবং মো. কামরান হাসান ইমরুজ, মো. নীলয় খান সজিব, মো. জাহিদুল ইসলাম হিমেল, মো. মেহেদী হাসান সাকিব ও মো. শাহাদাত হোসেনকে মডারেটর হিসেবে ঘোষণা করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ বাইক রাইডার্স গ্রুপের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক বাইকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।