রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব, সংস্কৃতির রঙে মুখর রাজধানী
বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’। শনিবার বিকেলে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে বর্ষা মঙ্গল পরিষদ।আয়োজকরা জানান, বর্ষাকালের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো বর্ষা মঙ্গল উৎসবকেও একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।বর্ষা মঙ্গল পরিষদের মতে, নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাওয়া এবং দেশীয় সংস্কৃতির ওপর নানা ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে। তাদের বিশ্বাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম ভিত্তি।উৎসবজুড়ে বর্ষার আবহ ও বাংলার ঐতিহ্যকে নান্দনিকভাবে তুলে ধরা হয়। আয়োজনের অংশ হিসেবে ছিল বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের মুগ্ধ করে।