হাবিপ্রবির সুরের আকাশে নতুন ধুমকেতু: উদীয়মান রক ব্যান্ড ‘রেইথস’
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল শিক্ষার্থীকে নিয়ে গঠিত উদীয়মান রক ব্যান্ড ‘রেইথস’ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে তাদের চমৎকার পরিবেশনার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ২০২৪ সালের শেষার্ধে যাত্রা শুরু করা এই নবীন ব্যান্ডটি অত্যন্ত অল্প সময়ে সংগীতাঙ্গনে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।২০২৪ সালের ৭ অক্টোবরে হাবিপ্রবির সংগীতপ্রেমী কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে ‘রেইথস’ ব্যান্ডের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি নিজস্ব ঘরানার সংগীত সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়কে দেশের মিউজিক সার্কিটে এক অনন্য উচ্চতায় তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছেন ব্যান্ডের একদল স্বপ্নবাজ তরুণ।সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে ‘রেইথস’ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর বিখ্যাত “মা” গানটির একটি কাভার সংস্করণ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে মূল ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে এই তরুণদের পারফরম্যান্সের ভিডিওটি শেয়ার করে স্বীকৃতি ও সাধুবাদ জানায়। একটি নবীন ব্যান্ডের জন্য মূল ব্যান্ডের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া একটি অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত রেইথস ক্যাম্পাসের বিভিন্ন ওরিয়েন্টেশন, ফেয়ারওয়েল ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রায় ১২ থেকে ১৪টি বড় ও ছোট আয়োজনে সফলভাবে পারফর্ম করেছে। ক্যাম্পাসের বাইরে দিনাজপুরের পার্বতীপুরে বহুজাতিক অটোমোবাইল ব্র্যান্ড ‘সুজুকি’র স্পন্সরশিপে আয়োজিত একটি মেগা শো-তেও ব্যান্ডটি তাদের পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকপ্রিয়তা পেয়েছে।ব্যান্ডের সদস্যরা জানান, কাভার গানের পাশাপাশি তারা বর্তমানে নিজস্ব মৌলিক গান তৈরির কাজ শুরু করেছেন। স্টুডিও রেকর্ডিং এবং নতুন কম্পোজিশনের কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে, যা খুব দ্রুতই শ্রোতাদের সামনে আনা হবে। সংগীতের মাধ্যমে হাবিপ্রবিকে দেশ ও বিদেশের মঞ্চে রিপ্রেজেন্ট করার আশাবাদ ব্যক্ত করে ব্যান্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।