বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া সম্পর্ক আরও গভীর, তেজগাঁওয়ে উচ্চপর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।বুধবার (১৭ জুন) তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সাক্ষাতে বিশেষভাবে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বিশেষ করে ইলেকট্রনিক্স উৎপাদন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উৎপাদন শিল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আগ্রহের কথা তুলে ধরেন।অন্যদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করে প্রযুক্তি স্থানান্তর, শিল্প সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকে স্বাগত জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা অব্যাহত রেখে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।