সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

ঢাকায় বাংলাদেশ-তুরস্ক মানবিক সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি এবং তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরি ইয়েলমাজ।সোমবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তার কার্যালয়ে স্বাগত জানান তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।বৈঠকে প্রতিমন্ত্রী সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ীভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী এ বিষয়ে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।এদিকে তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরি ইয়েলমাজ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের জন্য তুরস্কের খাদ্য সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য তুরস্কের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকায় বাংলাদেশ-তুরস্ক মানবিক সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা