মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি দল ঘোষণা

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার ইরফান শুক্কুরকে।আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। নয় দলের অংশগ্রহণে ডারউইনে টুর্নামেন্ট শুরু হবে ২১ আগস্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, শামীম হোসেন ও আবু হায়দার রনি জায়গা পেয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন জিসান আলম, মেহরব হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা।টুর্নামেন্টের লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপাল, হোবার্ট হারিকেনস, ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নিউজিল্যান্ড ‘এ’ এবং স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইরফান শুক্কুরের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেনস, ২৪ আগস্ট ভিক্টোরিয়া এবং ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।এক দিনের বিরতির পর ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে এইচপি দল। লিগ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের।লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।এবার টানা তৃতীয়বার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ এইচপি দল। ২০২৪ সালে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয় দলটি।বাংলাদেশ এইচপি দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলায়েন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি দল ঘোষণা