নেপাল ট্রেইল রেইসে ইতিহাস গড়লেন হবিগঞ্জের আমির উদ্দিন
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তরুণ দৌড়বিদ আমির উদ্দিন। নেপালের দুর্গম পাহাড়ি পথে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রেইস ‘রেইস ১০০’-এর ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সফলভাবে রেস সম্পন্ন করে ইতিহাস গড়েছেন।নেপালের অন্নপূর্ণা অঞ্চলের চ্যালেঞ্জিং পাহাড়ি পথে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ট্রেইল রানাররা অংশ নেন। প্রতিকূল আবহাওয়া ও খাড়া পাহাড়ি পথ অতিক্রম করে আমির উদ্দিন অসাধারণ সাহসিকতা ও দৃঢ়তার পরিচয় দেন।তিনি ১৩ ঘণ্টা ২৩ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে ৫০ কিলোমিটার রেইস শেষ করেন এবং বাংলাদেশের প্রথম ফিনিশার হওয়ার গৌরব অর্জন করেন। এই অর্জন দেশের ট্রেইল রানিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।স্থানীয়দের মতে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন। তার এই অর্জন তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।নিজের অনুভূতি প্রকাশ করে আমির উদ্দিন বলেন, এটি শুধু তার নয়, পুরো বাংলাদেশের অর্জন। দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়াতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিতে চান।
তার এই সাফল্যে বানিয়াচং ও পুরো হবিগঞ্জ জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দনে ভাসাচ্ছেন অনেকে।