শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

সিঙ্গাপুরের চেয়ে কম খরচে ক্যানসার চিকিৎসা চীনের হাসপাতাল

চীনের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল দাবি করেছে, তারা বাংলাদেশি ক্যানসার রোগীদের সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নতমানের চিকিৎসা দিতে সক্ষম। হাসপাতালটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মাসে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশ চায়না ওপেন মিডিয়া ক্লাব এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং।তিনি বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে বিদেশি রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের জেসিআই (JCI) স্বীকৃতিপ্রাপ্ত এবং ক্যানসারের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে বিশেষ দক্ষতা অর্জন করেছে।হি ল্যাংবিং জানান, এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। গত কয়েক বছরে বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে গত বছর থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।অনুষ্ঠানে হাসপাতালের অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, চিকিৎসার সময় রোগীদের শারীরিক ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনার বিষয়ে তারা বিশেষ গুরুত্ব দেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কেমোথেরাপি ও রেডিওথেরাপির নেতিবাচক প্রভাব কমানোর চেষ্টা করা হয়।তিনি আরও জানান, উন্নত ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে তাদের ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় অনেক কম। বাংলাদেশি রোগীদের সুবিধার জন্য দেশে একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে, যেখানে চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সেবা এবং তুলনামূলক কম ব্যয়ের কারণে বাংলাদেশি রোগীদের মধ্যে চীনে ক্যানসার চিকিৎসার আগ্রহ বাড়ছে।

সিঙ্গাপুরের চেয়ে কম খরচে ক্যানসার চিকিৎসা চীনের হাসপাতাল