আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রথম আন্তর্জাতিক আসরেই চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস হকি বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবার জাকার্তার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক আইরিন আক্তার। হ্যাটট্রিক করে ম্যাচের গতিপথ বদলে দেন এই ফরোয়ার্ড।ম্যাচের শুরুতেই ১০ মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন আইরিন। তবে দুই মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় সিঙ্গাপুরের চিয়া চেরি। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।তৃতীয় কোয়ার্টারে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। কয়েকটি পেনাল্টি কর্নার নষ্ট হওয়ায় চাপ বাড়লেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে।শেষ কোয়ার্টারে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৭ মিনিটে কনা আক্তারের পাস থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নেন আইরিন। এর এক মিনিট পরই আরও একটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক এবং নিশ্চিত করেন দলের জয়।দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আইরিন।উল্লেখ্য, এই টুর্নামেন্টেই প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে খেলছে বাংলাদেশের নারী হকি দল। গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্র করার পর উজবেকিস্তানকে ৩-২ এবং হংকংকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা।
আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ নারী হকি দল।