ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সভা, ঐক্যবদ্ধ বাঁশজানী যুব সমাজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী গ্রামে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) বাঁশজানী গ্রামের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সভার আয়োজন করে বাঁশজানী যুব সমাজ।সভায় এলাকার প্রবীণ ব্যক্তি, যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসা, ইভটিজিং, চুরি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সচেতন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গীকার করেন। তারা বাঁশজানীকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজ সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।