রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

লংগদুতে বন্য হাতির মৃত্যু! স্ত্রী হাতির কান্নায় কাঁদল পাহাড়

রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্না আদম ইউনিয়নে দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয়রা লোকালয়ের কাছাকাছি একটি স্থানে হাতিটিকে পড়ে থাকতে দেখেন। সকাল প্রায় ১১টার দিকে প্রাণীটি মারা যায়।বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিটি বেশ কিছুদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিল। বিশেষ করে তার পায়ে গভীর ক্ষত, ফোলা ও মারাত্মক দুর্বলতা দেখা দিয়েছিল। একাধিকবার বন্যপ্রাণী চিকিৎসকরা চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়ার আওতায় আনতে লংগদু থানায় জিডি করা হবে। পাশাপাশি ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে হাতিটির দাহ কার্যক্রম সম্পন্ন করা হবে।ঘটনাস্থলে দেখা যায় হৃদয়বিদারক এক দৃশ্য। মৃত হাতিটির পাশে তার সঙ্গী স্ত্রী হাতিটিকে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সে বারবার মৃত দেহের কাছে ফিরে আসছিল এবং স্থান ত্যাগ করতে চাইছিল না, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।স্থানীয়রা বলছেন, পাহাড়ি এলাকায় মানুষের বসতি বৃদ্ধি ও বনাঞ্চল সংকুচিত হওয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এতে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে এসে দুর্ঘটনার শিকার হচ্ছে। পরিবেশবিদরা বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং হাতির নিরাপদ চলাচলের করিডর নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

লংগদুতে বন্য হাতির মৃত্যু! স্ত্রী হাতির কান্নায় কাঁদল পাহাড়