মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।রোববার (২৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে মহাডাঙ্গা সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মহাডাঙ্গা এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলেও তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু