বাংলাদেশ ব্যাংকে ‘চোরের রাজত্ব’ কায়েম হয়েছে সাবেক এনবিআর চেয়ারম্যান
দেশের ব্যাংকিং খাত গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ‘বালিতে তেল পড়লে যেমন উদ্ধার করা যায় না’, ব্যাংক খাতের অবস্থাও এখন অনেকটা তেমন।সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও তদারকি ব্যর্থতা নিয়ে খোলামেলা বক্তব্য দেন।বদিউর রহমান বলেন, ব্যাংক খাতের বর্তমান অস্থিরতা ও সংকটের মূল কারণ রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের দুর্বলতা। তার অভিযোগ, একসময় দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক দলীয়করণ ও দুর্নীতির কারণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।তিনি দাবি করেন, একসময়ের সফল আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকও অদক্ষতা ও দুর্নীতির প্রভাবে সংকটে পড়েছে। একইসঙ্গে বেসিক ব্যাংকের লুটপাটের মতো ঘটনাগুলো দেশের আর্থিক ব্যবস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।সাবেক এই এনবিআর চেয়ারম্যানের মতে, অযোগ্য ব্যক্তিদের ঋণ প্রদান, ঋণ খেলাপিদের প্রশ্রয় এবং জবাবদিহিতার অভাব ব্যাংক খাতকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।বিদেশে পাচার হওয়া অর্থ ও রিজার্ভ চুরির অর্থ ফেরত আনার বিষয়েও তিনি হতাশা প্রকাশ করেন। তার মতে, রাজনৈতিক সদিচ্ছা এবং শক্তিশালী রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এসব অর্থ পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন।ব্যাংক খাতের সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, দক্ষ ও সৎ কর্মকর্তাদের নিয়োগ এবং তদারকি সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।