ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনায় পুরস্কার
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকালে ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক ও বইটির লেখক মতিউর রহমান।অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।প্রতিযোগিতায় ইউআইইউর ইংরেজি, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বইটির বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ, নিজস্ব উপলব্ধি ও সৃজনশীল মতামত তুলে ধরেন।অনুষ্ঠানে মতিউর রহমান বইটির বিষয়বস্তু ও লেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বই পড়া শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং সমাজ, মানুষ ও জীবনকে নতুনভাবে বোঝার সুযোগ তৈরি করে। তরুণদের চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশে পাঠাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, তরুণদের মধ্যে নিয়মিত বই পড়া ও বই পর্যালোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তাদের জ্ঞান ও চিন্তার পরিধি আরও বিস্তৃত হবে।ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, বই মানুষের চিন্তার জগতকে সমৃদ্ধ করে। শিক্ষার্থীদের মানবিক ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বই পর্যালোচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মিয়াজী হোসাইন আবরার। দ্বিতীয় হয়েছেন একই বিভাগের ফারহানা ফাইজা জিম এবং তৃতীয় হয়েছেন পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের মাশরাফি কামাল শাফি।পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী পেয়েছেন ল্যাপটপ, দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছেন মনিটর এবং তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছেন হেডফোন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে বই ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে গীতিকার ও সুরকার কবির বকুল, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও সিইও শামীম হুসাইন, প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।