খুলনা-যশোর মহাসড়কে দুই বাস-ট্যাংকলরির ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্যাংকলরির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনার বিএল কলেজগামী একটি যাত্রীবাহী বাস এবং নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্যাংকলরির মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্যাংকলরির চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া রূপসা পরিবহনের এক যাত্রী ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গণিত বিভাগের শিক্ষার্থী রত্না রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে এস এম তৌহিদ হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।