মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

শিবপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে জমজমাট ফাইনাল

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভরতের কান্দি গ্রামে দারিদ্র বিমোচন বন্ধু সমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জুন ২০২৬) ভরতের কান্দি হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।খেলায় অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে অংশ নেন সাংবাদিক মো. কামাল হোসেন প্রধান, যিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্টাও। অপরদিকে বিবাহিত দলের অধিনায়ক ছিলেন সংগঠনের সভাপতি মো. সিফাত হোসেন সাগর।রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে অবিবাহিত দল ৫-২ গোলের ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মাসুদ প্রধান, আরিফুল ইসলাম তুহিন প্রধান ও সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মো. রমজান প্রধান। সহকারী রেফারি ছিলেন সোহরাব প্রধান ও সানিম মোল্লা।খেলা শেষে অংশগ্রহণকারীরা ঈদুল আজহার আনন্দ উদযাপনের অংশ হিসেবে রায়পুরা উপজেলার মনিপুরা নদীতে গোসলের মাধ্যমে দিনের আয়োজন শেষ করেন।উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দাফন-কাফন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে কাজ করে যাচ্ছে।

শিবপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে জমজমাট ফাইনাল