কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও লোকপ্রশাসন বিভাগের রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে।এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম। প্লেয়ার অব দ্য ফাইনাল ও সেরা গোলদাতা হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আমির মজুমদার। একই বিভাগের মাজহারুল ইসলাম হয়েছেন সেরা গোলরক্ষক।সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মাজহারুল ইসলাম বলেন, ফাইনালে টানা তৃতীয়বার সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। ১৮টি বিভাগের প্রতিযোগিতার মধ্যে এই অর্জনের পেছনে প্রায় এক মাস ধরে প্রতিদিন সকাল ৬টা থেকে কঠোর অনুশীলন ও পরিশ্রম করেছেন। ব্যক্তিগত এই অর্জনকে তিনি দলের সম্মিলিত অর্জন হিসেবে দেখছেন।দুটি ব্যক্তিগত পুরস্কার পাওয়া আমির মজুমদার বলেন, দীর্ঘদিনের প্রস্তুতি, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলেই তারা চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি টপ গোলস্কোরার ও প্লেয়ার অব দ্য ফাইনাল হওয়ায়ও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।টানা তিনবার ফাইনালে লোকপ্রশাসন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াকে নিজেদের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন আমির। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানান তিনি।ম্যান অব দ্য টুর্নামেন্ট তাসনিমুর রহমান তানিম জানান, এটি ছিল তার তৃতীয় ফাইনাল। তিনবারই তারা রানার্সআপ হয়েছে। আগের আসরে ভুলের কারণে এবং দ্বিতীয়বার টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল। এবারও শিরোপা না পেলেও ব্যক্তিগত অর্জনকে পুরো দলের অর্জন হিসেবে দেখছেন তিনি।তাসনিম বলেন, দলের সদস্যদের সহযোগিতা ও সমর্থনের কারণেই তিনি ব্যক্তিগত এই স্বীকৃতি পেয়েছেন। তাই অর্জনটি তিনি পুরো দলকে উৎসর্গ করেছেন।উল্লেখ্য, গত ৩০ আগস্ট অর্থনীতি ও ফার্মেসি বিভাগের ম্যাচ দিয়ে কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশ নেয়।