ফিরিঙ্গীবাজার উন্নয়নে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু, সিটি নির্বাচন ঘিরে সরব প্রচারণা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ফিরিঙ্গীবাজার এলাকার ৩৩ নং ওয়ার্ডকে ঘিরে আসন্ন নির্বাচনী মাঠে শুরু হয়েছে ব্যাপক সরবতা। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার প্রতিযোগিতা চলছে।এদের মধ্যে জনসম্পৃক্ততা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মেজবাহ উদ্দিন মিন্টু।স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই ওয়ার্ডে জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মাদক, কিশোর গ্যাং ও স্বাস্থ্যসেবার ঘাটতি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যাকে কেন্দ্র করেই নির্বাচনী ইশতেহার সাজাচ্ছেন প্রার্থীরা।মেজবাহ উদ্দিন মিন্টু বলেন, তিনি নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।রাজনৈতিক জীবনের বিষয়ে তিনি জানান, তিনি ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।স্থানীয়দের মতে, ঈদ-পার্বণ, সামাজিক অনুষ্ঠান ও ক্রীড়াঙ্গনে নিয়মিত উপস্থিতির কারণে তরুণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাণিজ্যিক গুরুত্ব ও ঘনবসতিপূর্ণ হওয়ায় ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের নির্বাচন এবারও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।