বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্ক, মুখ খুললেন ফিফা সভাপতি

২০২৬ বিশ্বকাপে চালু হওয়া বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক নিয়ে চলমান বিতর্কের জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি দাবি করেছেন, ম্যাচের মাঝপথে পানি পানের বিরতি রাখার সিদ্ধান্তের সঙ্গে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য জড়িত নয়; এটি সম্পূর্ণভাবে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দুইবার করে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে। উত্তর আমেরিকার গরম আবহাওয়া এবং দীর্ঘ টুর্নামেন্টের শারীরিক চাপ কমাতে এই ব্যবস্থা চালু করেছে ফিফা।তবে নিয়মটি কার্যকর হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থক ও বিশ্লেষকের মতে, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও উত্তেজনা ব্যাহত করছে। কিছু সম্প্রচারমাধ্যম বিরতির সময় বিজ্ঞাপন প্রচার করায় সমালোচনা আরও জোরালো হয়েছে।এ বিষয়ে ইনফান্তিনো বলেন, “এটি কোনো বাণিজ্যিক বিষয় নয়। আমরা এর মাধ্যমে অতিরিক্ত এক ডলারও আয় করছি না।” তিনি জানান, ফিফার বাণিজ্যিক চুক্তিগুলো টুর্নামেন্ট শুরুর আগেই সম্পন্ন হয়েছে এবং এই বিরতি থেকে সংস্থার কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা হচ্ছে না।ফিফা সভাপতির ভাষ্য, দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্টে একটি দল সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারে। এমন ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের জন্য অল্প সময়ের বিশ্রাম ও পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সব ম্যাচে একই নিয়ম প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার ভারসাম্যও বজায় রাখা সম্ভব হবে।তবে সমালোচনা থেমে নেই। থমাস টুখেল মনে করেন, এই বিরতি ম্যাচের ছন্দকে প্রত্যাশার চেয়েও বেশি প্রভাবিত করছে। অন্যদিকে মার্সেলো বিয়েলসা বলেছেন, এতে ফুটবলের ঐতিহ্যগত দুই অর্ধের কাঠামো ভেঙে খেলা চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে।অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তে এবং ভার্জিল ফন ডাইক গরম আবহাওয়ায় পানি পানের বিরতির প্রয়োজনীয়তা স্বীকার করলেও তুলনামূলক ঠান্ডা আবহাওয়া বা ছাদযুক্ত স্টেডিয়ামেও একই নিয়ম প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।ফিফা অবশ্য একরূপ নীতির পক্ষেই অবস্থান নিয়েছে। সংস্থাটির মতে, সব ম্যাচে একই নিয়ম কার্যকর থাকলে কোনো দল আবহাওয়ার কারণে বাড়তি সুবিধা বা অসুবিধার মুখোমুখি হবে না।

হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্ক, মুখ খুললেন ফিফা সভাপতি