চাঁপাইনবাবগঞ্জ পুলিশ হাসপাতালে আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।সোমবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আনুষ্ঠানিকভাবে এ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।আয়োজকরা জানান, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবেন। এতে কর্মক্ষেত্রে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন মাংসপেশি ও অস্থিসংক্রান্ত জটিলতা থেকে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।