‘শিক্ষকদের দায়িত্ব শুধু আসা-যাওয়া নয়’-শিবপুর ইউএনও
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেছেন, বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেশিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাদের প্রতি পরিবার ও শিক্ষকদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে।বুধবার (১৩ মে) দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী মোট ১৫ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। তবে সময়মতো উপস্থিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। শিক্ষার মানোন্নয়নে সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও জরুরি।মোছাঃ ফারজানা ইয়াসমিন আরও বলেন, “শিক্ষকদের দায়িত্ব শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া নয়। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে ছেলেরা যাতে স্কুল ফাঁকি দিয়ে খারাপ পথে না যায়, সে বিষয়ে নজর রাখতে হবে।”তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, অনেক প্রতিষ্ঠানে শিক্ষকদের হাজিরা থাকলেও শ্রেণিকক্ষে উপস্থিতি পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। এজন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিট বাড়িয়ে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি শিবপুরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল বাসেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।