ঋতুভিত্তিক ফল খাওয়ার বার্তা, গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য ফল উৎসব
‘ঋতুভিত্তিক ফল খাই, সুস্থতার বার্তা ছড়াই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি নানা প্রজাতির ফলের প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে বিদ্যালয়ের ছয়টি শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকদের তথ্যমতে, প্রাথমিক শাখায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা যৌথভাবে ৩৩ প্রজাতির ফল সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে।অন্যদিকে মাধ্যমিক শাখায় ৯০ প্রজাতির দেশি-বিদেশি ফল সংগ্রহ করে সপ্তম শ্রেণি প্রথম স্থান অর্জন করে। এছাড়া ৭৮ প্রজাতির ফল নিয়ে অষ্টম শ্রেণি দ্বিতীয় এবং ৭২ প্রজাতির ফল সংগ্রহ করে ষষ্ঠ শ্রেণি তৃতীয় স্থান লাভ করে।উৎসবে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।প্রাথমিক শাখায় প্রথম হওয়া দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিলা জান্নাত অনু বলেন, প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। আজ অনেক নতুন ফল সম্পর্কে জানতে পেরেছি।মাধ্যমিক শাখায় প্রথম হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আক্তার বলেন, আমরা ৯০ প্রজাতির ফল সংগ্রহ করেছি। এ অর্জনের পেছনে সহপাঠীদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও এ ধারা ধরে রাখতে চাই।নার্সারি শ্রেণির শিক্ষার্থী সিনহা জান্নাত আভার মা তানজিনা খাতুন বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা নতুন নতুন ফল ও সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবে। এটি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সঙ্গে পরিচিত করা, মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং হারিয়ে যেতে বসা দেশি ফল ও ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করা।অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির ফল সংগ্রহের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে প্রদর্শিত বিভিন্ন ফল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।