বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক হিন্দু যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর এ সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে পরিচয় ও প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার বিকেলে রেশমি দ্বীপের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখতে বুধবার সকালে রেশমি ও দ্বীপকে মুকসুদপুর থানায় নিয়ে যান।রেশমি খাতুন জানান, দীর্ঘদিন ধরে দ্বীপের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। দুজনের পারস্পরিক ভালোবাসা থেকেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণেই দ্বীপের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়েছেন।দ্বীপ কর্মকারও তাদের সম্পর্কের কথা স্বীকার করে জানান, তারা একে অপরকে ভালোবাসেন এবং তিনি রেশমিকে বিয়ে করতে চান।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর উভয় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।