সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভারতে পরীক্ষা সংস্কারে মোদির নতুন টাস্কফোর্স, নেতৃত্বে নন্দন নিলেকানি

প্রশ্নফাঁস বন্ধ এবং পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানিকে এই বিশেষজ্ঞ দলের প্রধান করা হয়েছে।রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন।ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচারের জন্য দ্রুত বিচার আদালতের ব্যবস্থাও করা হয়েছে।তিনি জানান, প্রশ্নফাঁস রোধে কঠোর বিধান যুক্ত করে নতুন আইন সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নন্দন নিলেকানির নেতৃত্বে বিশেষজ্ঞ দল কাজ করবে।সরকার জানিয়েছে, টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে। এর লক্ষ্য হবে নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর একটি আধুনিক মূল্যায়ন পদ্ধতি তৈরি করা।নতুন এই টাস্কফোর্সে নন্দন নিলেকানির পাশাপাশি রয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা সংস্থা আইবির সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর কাঠামো পুনর্গঠনসহ পরীক্ষা ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার। তবে বিরোধীরা নতুন উদ্যোগের পাশাপাশি আগের তদন্ত ও সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছে।

ভারতে পরীক্ষা সংস্কারে মোদির নতুন টাস্কফোর্স, নেতৃত্বে নন্দন নিলেকানি