শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তার খবর সম্পূর্ণ মিথ্যা: নায়িকার দাবি

রাজধানীর গুলশান থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে চিত্রনায়িকা ববির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নায়িকা ববি।গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান।পুলিশ জানায়, প্রথমে বাসায় তাকে পাওয়া না গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে তাকে নায়িকা ববির ‘কথিত স্বামী’ উল্লেখ করে খবর প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ববি বলেন, যে স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমার কোনো বাসা নেই। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও নেই। আমার নাম জড়িয়ে যে খবর প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।এদিকে গ্রেপ্তারের আগে একটি ভিডিওতে মির্জা আবুল বাশার মামুন নিজেও নায়িকা ববির সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার সঙ্গে ববির কোনো পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ রয়েছে এবং বর্তমানে তাকে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তার খবর সম্পূর্ণ মিথ্যা: নায়িকার দাবি