বাংলাদেশকে প্রযুক্তি সহায়তা দিতে চায় লিথুয়ানিয়া
বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম বাড়াতে আগ্রহী লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।রোববার (১৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের সঙ্গে বৈঠকে এ সম্ভাবনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রযুক্তি খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। ফলে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।তিনি বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনো সীমিত হলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতে সহযোগিতা বাড়ানো গেলে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন জানান, লিথুয়ানিয়া লেজার প্রযুক্তি, সরকারি প্রযুক্তি (গভটেক) ও আর্থিক প্রযুক্তি সেবায় বিশ্বে অগ্রসর দেশগুলোর একটি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা উন্নয়নে দেশটি অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী।তিনি আরও বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি হবে।
বৈঠকে বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।