চীনে বিশ্বদক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল ২০২৬ প্রতিযোগিতায় প্রযুক্তি দক্ষতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগী ৬৪টি দক্ষতা পেশায় অংশ নেন। এর মধ্যে কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগীরা।এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য আরেকটি বড় অর্জন হলো ‘বেস্ট অব নেশন’ স্বীকৃতি। বাংলাদেশের প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকত এ স্বীকৃতির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন।কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে অংশ নেওয়া মাশফি রেজোয়ান সৈকতকে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘বেস্ট অব নেশন’ স্বীকৃতি দেওয়া হয়।ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের পারফরম্যান্সের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের ডেলিগেশন হেড প্রাথমিকভাবে ‘বেস্ট অব নেশন’ প্রতিযোগী নির্বাচন করেন। পরবর্তী সময়ে সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতির জন্য প্রতিযোগী নির্বাচন করা হয়।ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।প্রযুক্তি দক্ষতায় বাংলাদেশের এই ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণদের কারিগরি ও ডিজিটাল দক্ষতার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।