বিদেশে কাজের স্বপ্ন, দালালদের ফাঁদে নিঃস্ব খুলনার শ্রমিকরা
খুলনা অঞ্চলে কর্মহীন মানুষের বড় একটি অংশ জীবিকার সন্ধানে বিদেশে যাচ্ছেন। তবে বিদেশে কাজের স্বপ্ন পূরণের বদলে অনেকেই পড়ছেন দালাল ও অবৈধ এজেন্সির প্রতারণার ফাঁদে।প্রতিবছর বিদেশগামী মানুষের সংখ্যা বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার ঘটনা। কাজের নিশ্চয়তা না পেয়ে অনেকে খালি হাতে ফিরে আসছেন, আবার কেউ কেউ হারাচ্ছেন জীবনের সঞ্চয়। এতে ব্যক্তিগত বিপর্যয়ের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ছে।স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন খুলনার লবণচরা এলাকার মেহেদী হাসান। তিনি জানান, গত জুলাইয়ে একটি এজেন্সির মাধ্যমে সাড়ে চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে গেলেও সেখানে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ পাননি। পরে এজেন্সির সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়।একইভাবে সাকিল হোসেন জানান, মালয়েশিয়ায় কাজের আশ্বাসে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করলেও সেখানে গিয়ে এক মাস অপেক্ষার পর কোনো কাজ না পেয়ে নিজ খরচে দেশে ফিরতে বাধ্য হন তিনি।আরেক ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, কুয়েত যাওয়ার জন্য জমি বন্ধক রেখে টাকা জোগাড় করলেও সেখানে গিয়ে প্রতারণার শিকার হন।ভুক্তভোগীরা জানান, বিদেশ যাওয়ার আগে সামান্য ব্রিফিং দেওয়া হলেও তা বাস্তব পরিস্থিতির তুলনায় অপ্রতুল। তারা কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধি এবং বৈধ রিক্রুটিং চ্যানেল নিশ্চিত করার দাবি জানান।এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-এর কর্মকর্তারা জানান, বিদেশযাত্রার আগে দেওয়া ব্রিফিং প্রাথমিক পর্যায়ের হলেও বাস্তব চাহিদার তুলনায় সীমিত। দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বাড়ানো না গেলে সমস্যা কমবে না।খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতারণার অভিযোগও বাড়ছে। কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, তবে অনেক সময় দেরিতে অভিযোগ আসায় কার্যকর পদক্ষেপ নিতে সমস্যা হয়।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরে খুলনা অঞ্চল থেকে ৮ হাজারের বেশি মানুষ বিদেশে গেছেন। এর মধ্যে ৫ হাজারেরও বেশি গেছেন সৌদি আরবে। গত ছয় মাসে প্রতারণার অভিযোগ করেছেন ৬৮ জন প্রবাস প্রত্যাশী।