প্রবাসে ৯৪% নারী শ্রমিক নির্যাতনের অভিযোগ সংসদে চাঞ্চল্যকর দাবি
প্রবাসে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের একটি বড় অংশ যৌন নিপীড়নের শিকার হচ্ছেন বলে জাতীয় সংসদে গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে সংসদ সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি উঠে আসে।বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ দাবি করেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে যাওয়া নারী শ্রমিকদের একটি বড় অংশ নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চনা, চুক্তি লঙ্ঘনসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এমনকি প্রায় ৯৪ শতাংশ নারী শ্রমিক প্রবাসে যৌন নির্যাতনের শিকার হন বলেও তিনি উল্লেখ করেন।এ পরিস্থিতিতে নারী কর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন, সেফ হোম, বীমা সুবিধা এবং নিয়োগকর্তার যাচাই ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানান তিনি।জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, প্রবাসী শ্রমিকদের যেকোনো অভিযোগ গ্রহণ ও সেবা নিশ্চিত করতে ১৬১৩৫ নম্বরে টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। বিদেশে অবস্থিত দূতাবাসগুলোর মাধ্যমে দ্রুত সহায়তা প্রদান করা হয়।তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেফ হোম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে রিক্রুটিং এজেন্সির ওপর নির্ভরতা কমিয়ে ‘অ্যাডভান্স পুল’ পদ্ধতিতে সরাসরি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে এখন সরকার আরও সতর্ক এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা হচ্ছে।