প্রবাসীদের জন্য বড় সুখবর: বিদেশ থেকেও তোলা যাবে ‘টাকা হিসাবের’ অর্থ
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের ব্যবহার উৎসাহিত করতে ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ বা রূপান্তরযোগ্য টাকা হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে। এই হিসাবের মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা, বিনিয়োগ করা এবং সুদ বা মুনাফাসহ যেকোনো সময় বিদেশে অর্থ স্থানান্তরের সুবিধা পাবেন।মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং প্রবাসীদের পাঠানো অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন। বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে এই হিসাব পরিচালনা করা যাবে। হিসাবটি সঞ্চয়ী, চলতি কিংবা স্থায়ী আমানত—যেকোনো ধরনের হতে পারবে।এই হিসাবে রেমিট্যান্স, অন্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, অর্জিত সুদ বা মুনাফা এবং বাংলাদেশে অনুমোদিত বিনিয়োগ বা শেয়ারবাজার থেকে প্রাপ্ত আয় জমা রাখা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিসাবে জমা থাকা মূলধন ও তার ওপর অর্জিত মুনাফা সম্পূর্ণ প্রত্যাবাসনযোগ্য। অর্থাৎ প্রবাসীরা চাইলে যেকোনো সময় কোনো বাধা ছাড়াই বিদেশে অর্থ নিয়ে যেতে পারবেন।এ ছাড়া এই হিসাবের অর্থ দেশের ভেতরে বিভিন্ন খাতে ব্যবহারের সুযোগও থাকছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), শেয়ারবাজারে বিনিয়োগ, স্থানীয় পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রা হিসাবেও অর্থ স্থানান্তর করা যাবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি হিসাবের জমাকৃত অর্থ জামানত রেখে প্রবাসীরা নিজের নামে বা মনোনীত ব্যক্তির নামে ঋণ সুবিধা নিতে পারবেন।তবে কৃষি, প্ল্যান্টেশন ও রিয়েল এস্টেট খাতে এই ঋণের অর্থ বিনিয়োগ করা যাবে না। যদিও ব্যক্তিগত প্রয়োজনে আবাসিক সম্পত্তি ক্রয় বা অ-প্রত্যাবাসনযোগ্য বিনিয়োগে অর্থ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, নতুন এই সুবিধা প্রবাসীদের দেশে বিনিয়োগে আরও উৎসাহিত করবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।