মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে শৃঙ্খলার মধ্যে: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা এবং পুরো প্রক্রিয়াকে শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘যেমন-তেমন’ কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে না।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, ‘আমরা যে ম্যানপাওয়ার পাঠাব, সে মানুষের চাকরির নিশ্চয়তা, যে যাবে, সে কত টাকায় যাবে সবকিছু নিশ্চিত করে আমরা পাঠাব। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি।’মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বশেষ পরিস্থিতি ও অনলাইন সিস্টেম প্রসঙ্গে আরিফুল হক বলেন, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সবাইকে মূল বিষয়টি ধরতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশেরও কিছু ঘাটতি রয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে যথাসম্ভব প্রয়োজনীয় তথ্য ও ইনপুট দেওয়া হচ্ছে। কবে নাগাদ কর্মী পাঠানো সম্ভব হবে, সে বিষয়েও আপডেট নেওয়া হচ্ছে।বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর চাহিদাপত্র যাচাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈধ উপায়ে চাহিদাপত্র এলে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সরেজমিনে গিয়ে সেগুলো যাচাই করা হচ্ছে।সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বোয়েসেল প্রায় প্রস্তুত। তবে বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে তিনি আগ্রহী নন। কারণ, সেক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কমে যায়।মন্ত্রী বলেন, ‘আমরা বোয়েসেলের মাধ্যমে নেওয়ার কথা বারবার বলছি। ওরা বলছে, ৮ অক্টোবরের মধ্যে আমাদের বোয়েসেল অন্তর্ভুক্ত হচ্ছে।’এদিকে সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী অভিযোগ করেন, কিছু ট্রাভেলস এজেন্সি শত শত যুবকের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়ে ভিসা দেওয়ার নামে প্রতারণা করেছে। তারাই লোকজন জড়ো করে আন্দোলন করাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, যাদের ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিক রয়েছে, তারা বিএমইটি ক্লিয়ারেন্স পাবেন। তবে কাগজপত্র সঠিক না থাকলে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে শৃঙ্খলার মধ্যে: প্রবাসীকল্যাণমন্ত্রী